গভীর রাতে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় এক বাড়িতে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির সদস্যদের মারধর করে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লুট করে নিয়ে যাওয়ার সময় সুজন (২৮) নামের একজনকে আটক করেন স্থানীয় লোকজন। তবে সুজনের দাবি, তাঁর বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার চারাপাড়া গ্রামে। তিনি মোটরসাইকেল কিনতে এসে পরিস্থিতির শিকার হয়েছেন।

বাড়ির মালিক রাসেল খান ও তাঁর ভাই সোহেল খান দাবি করেন, সুজন ও তাঁর সঙ্গে থাকা সাত থেকে আটজন ডাকাত দলের সদস্য। হামলার পর তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তাই কী পরিমাণে স্বর্ণালংকার ও টাকা লুট হয়েছে, তা বলতে পারছেন না তাঁরা।

আটক সুজনসহ আহত সোহেল ও রাসেল খান পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোহেল ও রাসেল খান বলেন, দিবাগত রাত তিনটার দিকে ঘরের সামনের দরজা ভেঙে দেশি অস্ত্রসহ চারজন ঘরের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে স্বর্ণালংকার ও টাকা লুট করেন। বাধা দিলে সোহেল খানের মাথার ওপর রাম দা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ সময় অপর সদস্যরা রাসেল খানকে পিটিয়ে গুরুতর আহত করেন।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী ডাকাতদের মধ্যে সুজন নামের একজনকে আটক করা হয়। অপর তিনজন পালিয়ে যান। হামলার সময় বাইরে আরও বেশ কয়েকজন ছিলেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জি এম আকবর বলেন, ওই ঘটনায় দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে সোহেল খানের মাথায় জখম থাকায় তাঁর আঘাত গুরুতর।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার প্রথম আলোকে বলেন, আটক সুজন গতকাল রাত থেকে পুলিশের জিম্মায় পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন, তদন্ত চলছে। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।