গমখেতে পড়ে ছিল নারী শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

পঞ্চগড়ে একটি গমখেত থেকে এক নারী পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই নারী অমরখান ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ধারণা করছে, ওই নারীকে দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।

নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন এবং বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় কাজ করতেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, সন্ধ্যার পর ওই নারী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। পরে আজ সকালে ১০টার দিকে স্থানীয় লোকজন গমখেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে ওই নারীর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। ওই নারীর লাশের পাশে একটি কাঁচাবাজার ভর্তি ব্যাগ ও খাবার নেওয়ার টিফিন ক্যারিয়ার পড়ে ছিল।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারীর মামাতো ভাই বলেন, তাঁর বোনের দুইবার বিয়ে হয়েছিল। তবে দুই স্বামীর সঙ্গেই তাঁর বিচ্ছেদ হয়েছে। পরে তিনি বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি তাঁর দ্বিতীয় স্বামী বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার পর থেকে দ্বিতীয় স্বামীর মুঠোফোনও বন্ধ।

জানতে চাইলে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবীর বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা লাশের প্রাথমিক সুরতহাল করেছেন। সুরতহালে লাশের গলার ডান পাশে একটি দাগ দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।