গরিবের হোটেল রবিন হুডে বিনা মূল্যে মেলে খাবার
আজ শুক্রবার বেলা সোয়া একটা। দুজন যুবক এসে টাঙ্গাইল শহীদ মিনারের গেটে ব্যানার টানালেন। তাতে লেখা, ‘গরিবের হোটেল রবিন হুড’। পরে তাঁরা ঝাড়ু দিলেন শহীদ মিনার চত্বর। এর মধ্যে দু-একজন করে ছিন্নমূল, শ্রমজীবীসহ দরিদ্র মানুষ আসতে থাকে সেখানে। প্রায় আধা ঘণ্টা পর বড় হাঁড়িতে খাবার নিয়ে এলেন আরও দুই যুবক। সঙ্গে আনলেন প্লেট, পানি পানের পাত্র। এর মধ্যে শতাধিক মানুষে ভরে যায় ওই এলাকা।
শুরু হয় খাবার পরিবেশন। তৃপ্তি ভরে খিচুড়ি-মাংস খেয়ে মানুষেরা চলে যায়। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হলো না। দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে প্রতি শুক্রবার দুপুরে এ খাবারের ব্যবস্থা করেন এক রেস্তোরাঁ ব্যবসায়ী। তাঁর নাম মির্জা মাসুদ ওরফে রুবল। ২০১৭ সাল থেকে তিনি নিয়মিত প্রতি শুক্রবার দুপুরে শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করেন।
মির্জা মাসুদ জানান, শহরের কেন্দ্রস্থল নিরালার মোড়ে তাঁর হোটেল ও চায়নিজ রেস্তোরাঁ রয়েছে। সেখানে প্রতিদিন অনেক অসহায় দরিদ্র মানুষ আসে। তাঁর কাছে খাবার চায়। কাউকে দিতে পারেন, আবার কাউকে দিতে পারেন না। তখন তাঁর ইচ্ছে হয়, ব্যবসার লাভ থেকে একটি অংশ তিনি দরিদ্র, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য বরাদ্দ রাখবেন। তা দিয়ে প্রতিদিন দরিদ্র মানুষকে বিনা পয়সায় খাওয়াবেন।
২০১৭ সালে প্রতিদিন দরিদ্র মানুষকে খাওয়ানো শুরু করেন। এই কার্যক্রমের নাম দেন ‘গরিবের হোটেল রবিন হুড’। কয়েক মাস প্রতিদিন খাওয়ানোর পর আর্থিক সংকট শুরু হয়। তার পর থেকে প্রতিদিন নয়, প্রতি শুক্রবার এ কার্যক্রম চালাচ্ছেন। করোনাকালে কঠোর বিধিনিষেধের সময় এ কার্যক্রম বন্ধ ছিল। তবে ওই টাকা দিয়ে দরিদ্র মানুষকে খাদ্যসহায়তা দিয়েছেন।
শুক্রবার দুপুরে শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, শতাধিক মানুষ খেতে বসেছে। প্লেটে তাদের মুরগির মাংস ও খিচুড়ি পরিবেশন করা হচ্ছে। মির্জা মাসুদ এই কাজ তদারক করছেন। সেখানে খেতে আসা সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বৃদ্ধ জয়নব বেগম জানান, প্রতি শুক্রবার শহরে আসেন ভিক্ষা করতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিক্ষা করে দুপুরে এখানে খান।
রিকশাচালক হাবিবুর রহমান জানান, দরিদ্র মানুষ, তাই ভালো খাবার সব সময় খেতে পারেন না। এ জন্য প্রতি শুক্রবার তিনি এখানে খান। খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, শহরে এসেছিলেন একটা কাজে। এখানে আসার পর দেখলেন, বিনা মূল্যে খাওয়ানো হচ্ছে। তাই তিনি খেয়ে নিলেন। সেখানে কথা হয় টাঙ্গাইল সংগ্রহশালা নামের একটি সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সঙ্গে। তিনি জানান, দরিদ্র মানুষ তৃপ্তির সঙ্গে খায়। এটি দেখতে তাঁর খুব ভালো লাগে। তাই শুক্রবার সময় পেলে চলে আসেন এখানে।
মির্জা মাসুদ আরও জানান, তিনি ব্যবসা-বাণিজ্য করে তাঁর পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে চলছেন। কিন্তু সমাজের দরিদ্র-অসহায় মানুষের প্রতিও তাঁর দায়িত্ব রয়েছে। এ জন্য তিনি প্রতি শুক্রবার এই খাওয়ার আয়োজন করেন। প্রতি সপ্তাহে সোয়া শ থেকে দুই শ পর্যন্ত মানুষ খেতে আসে। কোনো সপ্তাহে খিচুড়ি, কোনো সপ্তাহে ভাত দেওয়া হয়। এর সঙ্গে সবজি এবং মাছ অথবা মাংসও থাকে। তবে প্রতিদিন খাওয়ার আয়োজন করতে পারলে তিনি তৃপ্ত হতেন বলে জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান খান জানান, মির্জা মাসুদের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তাঁর মতো সমাজের বিত্তবানেরা এ ধরনের উদ্যোগ নিলে দরিদ্র-অসহায় মানুষের কল্যাণ হতো।