গরু খুঁজতে গিয়ে নিখোঁজ, সকালে কুয়ার ভেতর মিলল লাশ
দিনাজপুরের সদর উপজেলায় সীমান্তবর্তী বরেন্দ্র বহুমুখী প্রকল্পের পাম্প এলাকার কুয়ার মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বুধবার সকাল নয়টায় কুয়ার মধ্যে লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গরু খুঁজতে গিয়ে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
নিহত যুবকের নাম মো. লোকমান হোসেন (৩০)। তিনি দাইনুর গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। দিনাজপুর শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে তিনি কাজ করতেন।
পরিবারের লোকজনের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, লোকমানের বাড়িতে কয়েকটি গরু আছে। মঙ্গলবার একটি গরু হারিয়ে যায়। গরু খুঁজতে সন্ধ্যায় বাড়ি থেকে বের হন লোকমান। আর বাড়ি ফেরেননি। রাতে স্বজনেরা তাঁর খোঁজ করতে শুরু করেন। পরে দাইনুর সীমান্ত এলাকার বরেন্দ্র বহুমুখী প্রকল্পের পাম্পের কুয়ার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফউল্লাহ আবেদ বলেন, ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ ছিলেন। কুয়ার পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে কোনো ঝামেলা হয়নি। এটি একটি অপমৃত্যু।
কোতোয়ালি থানার পুলিশ উপপরিদর্শক তপন কুমার বলেন, লোকমানের লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।