গরু পোড়ার সঙ্গে কপালও পুড়ল সলেমানের
দুই ছেলেকে নিয়ে গরু পালন করতেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আখিলা গ্রামের বর্গাচাষি মো. সলেমান আলী (৬৫)। স্ত্রী, দুই ছেলে, তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ১২ জনের যৌথ পরিবারের প্রধান আয়ের উৎস ছিল ওই গরুর খামার। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭টি গরু পুড়ে গেছে। এর মধ্যে একটি বকনা ছাড়া অন্য সব গরুই মারা গেছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে আখিলা গ্রামে সলেমান আলীর বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির পাশে আমগাছের ছায়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪০-৫০ জন বসে আছেন। কথা বলে জানা গেল, পুড়ে যাওয়া খামারের পাশে প্রায় দুই কাঠা জায়গায় আজ সকালে গরুগুলোকে পুঁতে ফেলা হয়েছে। গতকাল আগুন নেভানোর কাজেও গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব প্রথম আলোকে বলেন, সলেমান আলী একজন সহজ-সরল মানুষ। ছেলেদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে খামার গড়ে তুলেছিলেন। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। গরু পুড়ে মরে যাওয়ায় তাঁর কপালও পুড়ে গেল।
সলেমান আলীর ছেলেরা জানান, সারা রাত গরুর শোকে ঘুমাতে পারেননি সলেমান আলী। গরুগুলোকে পুঁতে ফেলার পর বাড়ি গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন।
তবে খবর পেয়ে সলেমান আলী বাড়ি থেকে বের হয়ে এলেন। তিনি জানালেন, প্রতিদিনের মতো মশা তাড়ানোর জন্য গতকাল খামারে কয়েল জ্বালিয়েছিলেন। কয়েলের আগুন থেকেই সূত্রপাত। নেভানোর আগেই সব শেষ হয়ে গেল। শুধু ছোট বকনাটা ছুটে বেরিয়ে আসতে পেরেছিল। প্রথমে মনে হয়েছিল ২৭টি গরুই পুড়ে মারা গেছে। তবে বকনাটি বেঁচে গেছে।
হতাশ কণ্ঠে তিনি প্রথম আলোকে আরও বলেন, ‘ছেলেপুলেকে লিয়া কষ্টেসৃষ্টে খামারটা গড়ালছিনু। খায়্যা পর্যা চলছিল ভালোই। এখুন তো সব শ্যাষ হয়্যা গেল। পরের দুয়ারেই বুঝি খাটতে যাইতে হোইবে। হার্টফেল করার মতো অবস্থা হয়্যাছিল হামার। গাঁয়ের শত শত মানুষকে আগিয়্যা আসতে দেখা মনে একটু বল পায়াছি।’
আজ দুপুর ১২টার দিকে নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদসহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওশার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সলেমান আলীর হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে ইউএনও বলেন, ‘আমরা আরও সহযোগিতার চেষ্টা করব।’
মোস্তাফিজুর রহমান বলেন, অলৌকিকভাবেই বকনাটি বেঁচে গেছে। ওই গরুকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সলেমান দাবি করছেন। তাঁর ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। সাধ্যমতো তাঁকে সহায়তা করা হচ্ছে।