‘গরুগুলি না বেচতে পারলে আমার খুব ক্ষতি হইয়া যাইবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকাগামী প্রায় দুই শতাধিক গরুবোঝাই ট্রাক আটকা পড়েছে। আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায়।
ছবি: প্রথম আলো

প্রতিবছর কোরবানি ঈদে গোপালগঞ্জ থেকে ঢাকায় গরু এনে বিক্রি করেন খামারি কবির হোসেন (৪৫)। এবারও তিনি দেশি জাতের ১৩টি গরু লালন–পালন করে বড় করেছেন। সেই গরু নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ফেরি পারাপারের অপেক্ষায় আছেন বাংলাবাজার ঘাটের টার্মিনালে।

দুর্ভোগ নিয়ে আজ শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের কান্নাকাটি করার মতো অবস্থা হইছে। গরমে গরুগুলির অবস্থাও খারাপের দিকে যাচ্ছে। ঢাকায় আজ হাট ধরার কথা ছিল। তা তো হইল না। ঘাট থিকা বাড়ি ফিরে গেলেও গরুগুলি নিয়া কী করুম? হাটে গরুগুলি না বেচতে পারলে আমার খুব ক্ষতি হইয়া যাইবে।’

পদ্মায় স্রোত থাকায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এ কারণে বাংলাবাজার ফেরিঘাটে রাজধানী ঢাকাগামী প্রায় দুই শতাধিক গরুবোঝাই ট্রাক আটকা পড়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকার বিভিন্ন পশুর হাটে পৌঁছাতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন গরুর ব্যবসায়ীরা।

আটকা পড়া গরুবোঝাই ট্রাক চালকদের অভিযোগ, জরুরি ভিত্তিতে গরুবহনকারী ট্রাক ফেরি পারাপারের নির্দেশনা থাকলেও ঘাট কর্তৃপক্ষ একটি ফেরিতে দু-তিনটি গরুর ট্রাক ছাড়া অন্য গাড়ি লোড নিচ্ছে। ভিআইডি সেবায় ছোট ও ব্যক্তিগত গাড়িকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে দ্বিগুণের বেশি সময় ব্যয় হচ্ছে। এ কারণে চাহিদা অনুসারে যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না। ফেরি পারাপারে কোনো ভিআইপি সেবাও দেওয়া হচ্ছে না।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে বাংলাবাজার ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের সংযোগ সড়ক ও টার্মিনালে ভরা যানবাহন। শিমুলিয়াগামী প্রতিটি ফেরিতে দুই থেকে তিনটি গরুবোঝাই ট্রাক লোড নিচ্ছে। অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও গরুবোঝাই ট্রাকগুলো টার্মিনালের আলাদা স্থানে রাখা হয়েছে। ঘাটে রোদের তাপ ও ভ্যাপসা গরমে ট্রাকের ভেতরেই হাঁসফাঁস করছে গরুগুলো। ব্যবসায়ীরা গরুর মাথায় ও শরীরে পানি দিচ্ছে। অনেকে হাতপাখা দিয়ে বাতাস করছে। দীর্ঘ সময় রোদে থাকায় ট্রাকে থাকা কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও গরুবোঝাই ট্রাকগুলো টার্মিনালের আলাদা স্থানে রাখা হয়েছে। ঘাটে রোদের তাপ ও ভ্যাপসা গরমে ট্রাকের ভেতরেই হাঁসফাঁস করছে গরুগুলো।
ছবি: প্রথম আলো

বরগুনা থেকে ট্রাকে ১২টি গরু নিয়ে আসা ব্যবসায়ী মিরাজ হাওলাদার (৫০) বলেন, ‘গ্রাম থিকা দেশি গরু কিনেছি। বেশি দামে বিক্রির আশায় ঢাকা যাচ্ছি। ঘাটে এমন বিপদ জানলে এ ব্যবসা এবার করতাম না। এহনে সময়মতো যেতে না পারলে ভালো দাম তো পামুই না উল্টা গরুগুলি বাঁচানো গেলে হয়।’

আরেক ব্যবসায়ী ইছাক মিয়া বলেন, ‘খোলা আকাশের নিচে রোইদে গরুগুলি পুইড়া যাইতাছে। সকাল থিকা ৮-১০ বার গরুর মাথায় পানি ঢাইলা বাঁচাইয়া রাখছি। ঘাটের ভাইগো অনেকবার অনুরোধ করেছি যে আমাগো পার কইরা দেন। কিন্তু তারা আমাগো কোনো কথাই শুনতাছে না। তারা খালি ছোট গাড়ি আর ভিআইপিদের পার করা নিয়া ব্যস্ত।’

বরিশাল থেকে আসা আরেক গরু ব্যবসায়ী কাইয়ুম শরীফ বলেন, ‘খুব কষ্টে আছি। গরুগুলি গরমে হাঁপাইতাছে। বারবার হেলে পড়তাছে। এমন করে গরু বাঁচানো যাইবে না। আজই বিকাল হইলে দুদিন ধরে ঘাটে। গরুর খাওনও শেষ। আমাগো এবার মরার কায়দা হইছে।’

জানতে চাইলে বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঈদ চলে আসায় ঘাটে গরুবোঝাই ট্রাকের প্রচুর চাপ আছে। নৌপথে চলাচলরত ১৩টি ফেরিতে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ ঠিক নয় দাবি করে তিনি বলেন, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি ঘাটে আসতে সময় লাগছে। তাই কিছু গাড়িকে অপেক্ষায় থাকতে হচ্ছে।

জানতে চাইলে বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআাই) জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ফেরি চলাচল ব্যাহত হওয়ায় টার্মিনালে গাড়ির সংখ্যা বাড়ছেই। বিকেল পর্যন্ত প্রায় ৭০০ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা। এর মধ্যে দুই শতাধিক আছে গরুবোঝাই ট্রাক। ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী ঘাটের দিকে পাঠানো হচ্ছে। তবে স্রোতের কারণে ফেরিতে বেশি লোড নেওয়া যাচ্ছে না। তাই ট্রাকের সংখ্যা কমছে না।