গলাচিপায় বিএনপির সভায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির লোগো

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে মো. জাহিদুল ইসলাম (৪৫), নুরুল ইসলাম (৪৫), ইমরান হোসেন (২৪), সফিক (২৮), সোহাগ হাওলাদারসহ (৩০) ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দলে নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান এবং অপর পক্ষের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

দলীয় সূত্র জানায়, দলে নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান এবং অপর পক্ষের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

এই বিরোধের কারণে গলাচিপা উপজেলা বিএনপির সম্মেলন হচ্ছে না। এ অবস্থায় কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা করার উদ্যোগ নেয় বিএনপির কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় বিএনপির দুই পক্ষের বিরোধ মেটাতে সমন্বয়কারী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভার আয়য়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, সদস্যসচিব ছত্তার হাওলাদার প্রমুখ।

সভা শুরুর একপর্যায়ে নেতা–কর্মীরা এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় জেলা ও বিভাগীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন। তবে এর মধ্যে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির এক পক্ষের নেতা মো. শাহজাহান খান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ তাঁর ইচ্ছামতো কমিটি গঠন করবেন, তা আমরা মানব না। তৃণমূলের কথা না শুনেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে কথা বলার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা হাসান মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এখন ঢাকাতে এবং বিষয়টি তিনি জানেন না।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ ওরফে চুন্নু মিয়া বলেন, আসলে নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝি হয়েছে। তবে  গলাচিপার সাংঠনিক সমস্যা দুই পক্ষকে নিয়ে বসে দ্রুত মীমাংসার চেষ্টা করা হবে।