গলায় জখম নিয়ে বিথী শুধু কাঁদছেন
গৃহবধূ বিথী বণিক এখনো বসতে পারেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে কথাও বলতে পারেন না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন শুধু। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। দেখলেই বোঝা যায়, গভীর ট্রমায় আছেন তিনি। বিথীর গলায় গভীর ক্ষত। যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে বিথীর এই অবস্থা। নির্যাতনের শিকার হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসা চলছে তাঁর।
বিথী বরগুনা শহরের গ্রিন রোড এলাকার রতন বণিকের স্ত্রী। ১১ মে যৌতুকের জন্য বিথীকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে বেদম মারধর করেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে বিথীকে হত্যাচেষ্টা চালান তাঁরা। এ সময় বিথীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা ওই বাড়ির দরজা খুলতে বললে বিথীর স্বামী-শ্বশুর দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে সেখানে আরও লোকজন জড়ো হলে চাপের মুখে তাঁরা দরজা খুলে দেন। তখন শোয়ার ঘরের মেঝেতে বিথীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা দ্রুত তাঁকে বরিশালে স্থানান্তর করেন।
২০১৩ সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জগদীশ বণিকের মেয়ে বিথী বণিকের সঙ্গে বরগুনা শহরের ব্যবসায়ী বাবুল বণিকের ছেলে রতন বণিকের বিয়ে হয়। তাঁদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে আছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কায়েস উদ্দীন আহম্মেদ প্রথম আলোকে বলেন, বিথীকে হাসপাতালে নিয়ে আসার পরে তাঁর গলায় ফাঁস দেওয়ার মতো ক্ষত ছিল। শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হওয়ায় বিথীকে অক্সিজেন দিয়ে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থতলার অর্থোপেডিক বিভাগে গিয়ে দেখা গেছে, মেঝেতে শয্যা পেতে চিকিৎসা চলছে বিথীর। পাশে মা ও অন্য স্বজনেরা। গলার বাঁ পাশে গভীর ক্ষত। গলার ডান পাশের ক্ষত গভীর না হলেও সেখানে নখের আঁচড়ের দাগ আছে।
বিথীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। তাঁর অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নিচে নেমে যায়। শ্বাসপ্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তাঁর। গলার ক্ষতও বেশ গভীর। এখন অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে আজ খাবার খেতে দেওয়া হয়েছে।
বিথীর চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন অর্থোপেডিক বিভাগে দায়িত্বরত জ্যেষ্ঠ সেবিকা শম্পা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, বিথীকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। তাঁর অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নিচে নেমে যায়। শ্বাসপ্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তাঁর। গলার ক্ষতও বেশ গভীর। এখন অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে আজ খাবার খেতে দেওয়া হয়েছে। তবে ঘটনার আকস্মিকতায় তিনি এখনো ট্রমার মধ্যে আছেন বলে শম্পা আক্তার জানান।
বিথীর কাছে ঘটনার দিনের কথা জানতে চাইলে তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। কোনো জবাব না দিয়ে কেবল চোখের পানি ফেলেন। পাশে তাঁর মা করুনা রানী বণিক শুধু বলেন, ‘আমি ওদের সবার বিচার চাই।’
২০১৩ সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জগদীশ বণিকের মেয়ে বিথী বণিকের সঙ্গে বরগুনা শহরের ব্যবসায়ী বাবুল বণিকের ছেলে রতন বণিকের বিয়ে হয়। তাঁদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে আছে। বিথী বরিশালের ব্রজমোহন কলেজ থেকে স্নাতক ও ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন। অন্যদিকে বিথীর স্বামী রতন বণিক ঢাকার কমলাপুরে কাস্টমস শুল্ক ও অন্যান্য কর আদায়কারী প্রতিষ্ঠান আইসিডির ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত।
বিথীর মা করুনা রানী বণিক জানান, বিয়ের সময় নগদ পাঁচ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার যৌতুক দেওয়া হয়। বিয়ের দুই বছর নির্বিঘ্নে কাটলেও এরপর থেকে পুনরায় যৌতুকের জন্য মানসিক নির্যাতন শুরু হয়।
করুনা রানী বণিক প্রথম আলোকে বলেন, ঢাকায় থাকার সময় বিথীকে মারধর ও মাথা দেয়ালের সঙ্গে ধাক্কা মারায় মানসিক সমস্যা দেখা দেয়। এ জন্য বিথীকে মানসিক চিকিৎসার পাশাপাশি একাধিকবার কাউন্সেলিং করানো হয়। সুস্থ হলে ঢাকার বাসা ছেড়ে কয়েক মাস আগে বিথীকে বরগুনায় শ্বশুরবাড়িতে নিয়ে আসেন রতন। বরগুনায় বসতঘর ভেঙে ভবন নির্মাণের কাজ শুরু করেছেন তাঁরা। এ জন্য ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু বিথী অস্বীকৃতি জানালে তাঁর ওপর নির্যাতনের মাত্রা বাড়ানো হয়। এর জেরে ১১ মে তাঁকে মারধরের পর শ্বাসরোধে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া হয়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে বিথীর মা করুনা বণিক বাদী হয়ে বরগুনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় বিথীর স্বামী রতন বণিক, শ্বশুর বাবুল বণিক, শাশুড়ি গীতা রানী বণিককে আসামি করা হয়। মামলার পর তাঁরা সবাই পলাতক। যোগাযোগ করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। এখনো তাঁদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।