গহিন পাহাড়ে গিয়ে আটকা ১৭ পর্যটক, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিল পাহাড়ে ঝরঝরি ঝরনায় বেড়াতে গিয়ে আটকা পড়া ১৭ পর্যটকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে দুর্গম পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পর্যটক দলের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাঁরা চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে ওই ১৭ পর্যটক ঝরঝরি ঝরনায় যান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পূর্ব দিকে দুটি টিলা অতিক্রম করার পর ঝরঝরি ঝরনার দেখা মেলে। এখানে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এই পর্যটকদের দলটি ঝরনায় পৌঁছানোর পর সেখানে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় পাহাড়ি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তাঁরা। কয়েকজনের মুঠোফোন ও টাকাপয়সা নিয়ে যান ছিনতাইকারীরা। পরে রাত ১১টার দিকে একজনের মুঠোফোন থেকে ৯৯৯–এ ফোন দিলে পুলিশ স্থানীয় কয়েকজনকে নিয়ে দিবাগত রাত দেড়টার দিকে তাঁদের উদ্ধার করে।
উদ্ধারকারী দলের সদস্য সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মাহমুদ প্রথম আলোকে বলেন, ঝরনাটির পথ এতই দুর্গম যে পুলিশ সেখানে পৌঁছাতেই আড়াই ঘণ্টা লেগে যায়। তাঁদের উদ্ধার করে রাত তিনটার দিকে থানায় নিয়ে আসে পুলিশ। তবে তাঁরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। পরে রাতেই নিজ গন্তব্যে রওনা দেন তাঁরা।
রাতেই পর্যটকেরা সীতাকুণ্ড থেকে চলে যাওয়ায় অভিযোগ কিংবা আটকা পড়ার বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় ট্যুর অপারেটর রূপসী সীতাকুণ্ডের পরিচালক সূর্য দাস বলেন, ঝরঝরি ঝরনাটি কোনো স্বীকৃত পর্যটনকেন্দ্র নয়। এটি এতই দুর্গম যে সেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। সেখানে হরিণ, বানর, বনমোরগসহ নানা প্রজাতির প্রাণীর দেখা মেলে। অজগরসহ নানা বিষধর সাপেরও আধিক্য আছে। দুর্গম বলে অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকেরা এ জায়গা পছন্দ করে। তবে তাঁরা পর্যটকদের সেখানে যেতে নিরুৎসাহিত করেন বলে জানান তিনি।