গা ঘেঁষে দাঁড়িয়ে মাস্ক পরার আহ্বান

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে বুধবার শহরজুড়ে মানববন্ধন হয়। তবে এতে অনেক স্থানে সামাজিক দূরত্ব মানা হয়নি। সকালে ইলিশ চত্বরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার দ্বিতীয় ঢেউ রোধে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে আজ বুধবার শহরজুড়ে মানববন্ধন হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়। তবে অনেক স্থানে সামাজিক দূরত্ব মানা হয়নি।

সচেতন লোকজন বলছেন, এভাবে গা–ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে মাস্ক পরার বিষয়ে সচেতনতার কর্মসূচি পালন করলে করোনা প্রতিরোধের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। করোনা প্রতিরোধে মাস্ক পরার পাশাপাশি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন চিকিৎসকেরা।

আমরা সামাজিক দূরত্ব মানার বিষয়ে নির্দেশনা দিয়েছিলাম। তবে কিছু জায়গায় লোকজন বেশি অংশগ্রহণ করায় দূরত্ব মানা যায়নি।
মো. মাজেদুর রহমান খান, জেলা প্রশাসক, চাঁদপুর

সকাল ৯টার দিকে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান শহরের ইলিশ চত্বরে সাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন। এতে ১ হাজার ২০০ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এভাবে সচেতন করার পরও কেউ মাস্ক না পরলে তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি করোনার দ্বিতীয় ঢেউ না কমা পর্যন্ত চলমান থাকবে।

চাঁদপুরে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা করে জেলা প্রশাসন। সকালে শহরের ইলিশ চত্বরে
ছবি: প্রথম আলো

মানববন্ধনে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে নারী-পুরুষ, তরুণ-তরুণীরা ‘নো মাস্ক, নো এন্ট্রি’, ‘নো মাস্ক, নো সার্ভিস’সহ নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় মাস্কবিহীন লোকজনকে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মাস্ক দেওয়া হয়। তবে মানববন্ধন চলাকালে সামাজিক দূরত্ব মানা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব মানার বিষয়ে নির্দেশনা দিয়েছিলাম। তবে কিছু জায়গায় লোকজন বেশি অংশগ্রহণ করায় দূরত্ব মানা যায়নি।’