গাংনীতে অপহরণের টাকা না পেয়ে শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

মেহেরপুরের অপহরণকারীরা মুক্তিপণের এক লাখ টাকা না পেয়ে এক শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোরে গাংনী উপজেলার মিনাপাড়া মাঠের পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গাংনী থানা-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ওই শিশুর নাম আবির হোসেন (১২)। সে মিনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে আবিরের মুঠোফোন থেকে অপহরণকারীদের ফোন আসে। ফোনে নগদ এক লাখ টাকা দাবি করে তারা। আজ মিনাপাড়ার একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আবিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, আবিরের মৃত্যুর খবর শুনে বাড়িতে লোকজন ভিড় করছে। আবিরের মা রোজিনা খাতুন বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমার বুকের সোনামণিকে ওরা এভাবে হত্যা করতে পারল?’

আবিরের বাবা আশাদুল বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার ছেলে আবিরকে পাওয়া যাচ্ছিল না। রাতেই অপহরণকারীদের ফোন আসে। তারা এক লাখ টাকা দাবি করে। টাকা জোগাড় করার চেষ্টা করছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি তারা আমার ছেলেকে মেরে ফেলবে, তা বুঝতে পারিনি।’

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।