গাংনীতে আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন সাংসদ সাহিদুজ্জামান
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন স্থানীয় সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় তিনি বক্তৃতা করেন।
সেখানে আওয়ামী লীগ প্রার্থী গোলজার হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান সাংসদ। সেই বক্তব্য স্থানীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি প্রচার করেন।
মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০০ গজ দূরে লক্ষ্মী-নারায়ণপুর বিলধলা গ্রাম। এই গ্রামে সোমবার সকালে ইউপি সদস্য প্রার্থীর দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষে জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলাম নামের দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। অভিযোগ উঠেছে, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমান এবং তাঁর সমর্থকেরা হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলজার হোসেন, লক্ষ্মী-নারায়ণপুর বিলধলা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমান। পথসভায় একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য খেজমত আলী ছিলেন। তিনি বলেন, ‘এমপি স্যার পথসভায় আসছিলেন। স্থানীয় ধলা পুলিশ ফাঁড়ির সদস্যরাও ছিলেন।’
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সাংসদ সাহিদুজ্জামান বক্তৃতা করছেন, তাঁর ডান পাশে গোলজার হোসেন ও বাঁ পাশে আতিয়ার রহমান দাঁড়িয়ে আছেন। সাংসদ তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা বলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। নৌকার প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে বলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘সাংসদ কোনোভাবেই ইউপি নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারেন না। যদি করে থাকেন, তাহলে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তবে তাঁর প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’
এ বিষয়ে জানতে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামানের মুঠোফোনের দুটি নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলবাড়িয়া ইউনিয়নে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মিসভায় নৌকার পক্ষে ভোট চান সাংসদ। সেখানে সেই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।