গাংনীতে আ.লীগের প্রার্থী আহমদ আলী, বিএনপির আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেয়র আহমদ আলী (বাঁয়ে)। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান বাবলু (ডানে)
সংগৃহীত

দুই সপ্তাহ অধীর আগ্রহে অপেক্ষার পর মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনের নৌকার প্রার্থী হলেন সাবেক পৌর মেয়র আহমদ আলী। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।

আওয়ামী লীগ সূত্র জানায়, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাংনী পৌর নির্বাচনে মোট আট প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসভাপতি নবীর উদ্দীন, সহসভাপতি মাসুম বিল্লাহ, যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু।

বিএনপি থেকে মেয়র পদে লড়াই করার জন্য চারজন চেষ্টা করেছেন। তাঁরা হলেন উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান পৌর মেয়র আশরাফুল ইসলাম।

২০০১ সালে গাংনী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম মেয়র নির্বাচিত হন আমিরুল ইসলাম। তিনি সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হওয়ার পর আহমেদ আলী উপনির্বাচনসহ পরপর দুবার ও মো. আশরাফুল ইসলাম একবার মেয়র নির্বাচিত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান, আগামী ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে গাংনী পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। এ পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬০ ও মহিলা ১০ হাজার ৫৯৭ জন।