গাংনীতে করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আবুল কাশেম (৫৭) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আবুল কাশেম উপজেলার বাদিয়াপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে।

আবুল কাশেমের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম চার দিন ধরে সর্দি–কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ ছিল। আজ সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জেনারেল হাসপাতালের আরএমও মোখলেসুর রহমান বলেন, আবুল কাশেমকে সকাল সাড়ে ১০টার দিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজের বলেন, পরিবারের সদস্যরা চাইলে তাঁরা নিজেরাই স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন করতে পারেন। তবে পরিবারের কেউ জানাজা ও দাফনের কাজে অংশ নিতে না চাইলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাজা শেষে দাফন করা হবে।