গাংনীতে খাসজমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন নিহত
মেহেরপুরের গাংনীতে খাসজমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে হোগলবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই ব্যক্তির নাম সাদেক আলী (৬০)। তিনি হোগলবাড়িয়া গ্রামের আফিল উদ্দীনের ছেলে। সাদেক আলী কৃষি কাজ করতেন। এ ঘটনায় সাদেক আলীর পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোগলবাড়িয়া গ্রামের ১৫ বিঘা খাসজমি নিয়ে দীর্ঘদিন ধরে সাদেক আলীর সঙ্গে একই গ্রামের খাইরুল ইসলামের বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষই আদালতে মামলা করেছেন।
সাদেক আলীর পক্ষের লোকজনের ভাষ্য, গত বুধবার সাদেক আলী ওই জমিতে ধানের চারা রোপণ করেন। এরপর গতকাল বৃহস্পতিবার খাইরুল ইসলাম ও তাঁর লোকজন চারাগুলো নষ্ট করে দেন। পরে আজ সকালে সাদেক আলী তাঁর লোকজন নিয়ে আবার ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় খাইরুল ও তাঁর লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে সাদেক আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সাদেক আলীর পক্ষের আরও ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে ইদবার হোসেন (৩৩), বাদল শেখ (৪৪), তহিদুল আলীর (৫৩) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি হাঁসুয়া, একটি হাতুড়ি, দুটি বল্লম ও আটটি বাঁশের লাঠি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে হোগলবাড়িয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর থেকে খাইরুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের ব্যাপারে পুলিশ ওই এলাকায় তথ্য সংগ্রহ করছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।