গাংনীতে গোপন কক্ষে যাচ্ছেন এজেন্ট, জোর করে সিল দিচ্ছেন নৌকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটকেন্দ্রে গোপন কক্ষে ভোটারদের সঙ্গে নৌকার এজেন্টরা। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: আবু সাঈদ

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়ায় ভোটারদের সঙ্গে গোপন কক্ষে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীর এজেন্টরা। এরপর তাঁরা জোর করে নৌকায় সিল মেরে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৪ নম্বর রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ আল আমিন। তাঁর একাধিক এজেন্ট ভোটারদের সঙ্গে গোপন কক্ষে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মেরে দিচ্ছেন। এতে করে ভোটাররা নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারছেন না। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রামদেবপুর গ্রামের বাসিন্দা প্রথম আলোকে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল মামুনের বাড়ি এই এলাকায়। তাই তাঁর কর্মীদের প্রভাব রয়েছে। এ কারণে কেউ কথা বলতে পারছেন না।

জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি এইমাত্র কেন্দ্রে আসলেন। এই কেন্দ্রে নৌকার ভোটার বেশি। তবে জোর করে ভোট নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কীভাবে চলছে, সেটি তো আপনারা দেখলেন। আমি কি বলব।’