গাংনীতে জামায়াত নেতাসহ ৩০ জনকে আটক, পাঠানো হলো জেলে
মেহেরপুরের গাংনী উপজেলার একটি মসজিদ থেকে স্থানীয় একটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদকসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে তাঁদের ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদ থেকে আটক করা হয়। আটক সবাইকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, আটক সবাই জামায়াতে ইসলামীর নেতা–কর্মী। তাঁরা মসজিদে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন। তবে একাধিক প্রত্যক্ষদর্শী বলছেন, এশার নামাজের পর কিছু লোক মসজিদে বসে হাদিসের আলোচনা শুনছিলেন। তাঁদের জামায়াতের কর্মী ভেবে ধরে নিয়ে যায় পুলিশ।
পুলিশ দাবি করেছে, অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে দলীয় চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট ও কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শেখ সাদীর বিরুদ্ধে এর আগেও পুলিশের করা নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া বাকি ব্যক্তিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা আছে।
ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান বলেন, এশার নামাজ শেষে হাদিস সম্পর্কে আলোচনা শোনার জন্য এলাকার অনেক মুসল্লি মসজিদে বসে ছিলেন। পুলিশের অভিযানে তাঁদেরও জামাতের কর্মী মনে করে নিয়ে যাওয়া হয়
পুলিশি অভিযানে আটক ইউসুব আলীর নামের একজনের বাবা ইমারুল ইসলাম বলেন, ‘নামাজ শেষে আমার ছেলে হাদিসের বয়ান শুনছিল। পুলিশ তাকেও ধরে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’