গাংনীতে সেই বখাটেদের কারাদণ্ড
মেহেরপুরে গাংনীতে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাংনী উপজেলার বামন্দী এলাকার বিপ্লব হোসেন (১৯) ও বাচ্চু (১৯)।
গতকাল সোমবার দুপুরে পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় রানা সিনেমা হলের সামনে এক ছাত্রীকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে বখাটেরা মেয়েটির বাবাকে কিলঘুষি মেরে জামা ছিঁড়ে দেয়। ঘটনার পরপরই ওই ব্যক্তি প্রতিকার চেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। আজ সকালে পুলিশ বামন্দী এলাকা থেকে দুজনকে আটক করে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সেখানে এ দুজন উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেন। পরে আদালত স্বীকারোক্তি ও সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে তাঁদের প্রত্যেককে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার দায়ে এক বছর করে কারাদণ্ড দেন।
এসএম জামাল আহমেদ আরও বলেন, আসামিদের দ্রুত কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।