গাংনীতে স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর, ভ্যানচালককে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের প্রচার ভ্যান। বিকেলে বাশবাড়ীয়া এলাকায়
ছবি: প্রথম আলো

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলামের প্রচার মাইক ভাঙচুর ও ভ্যানচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা এ হামলা চালান।

ওই ভ্যানচালক হলেন গাড়াডোব গ্রামের মহসিন আলী।

মহসিন বলেন, ‘বিকেলে বাঁশবাড়ীয়ায় আশরাফুল ইসলামের জগ প্রতীকের প্রচারণা চলছিল। এ সময় আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলীসহ তাঁর লোকজন আমাকে মাইক বন্ধ করতে বলেন। আমি মাইক বন্ধ করি। এরপরও আমাকে মারধর করে মাইক ভাঙচুর করা হয়। আমার কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।’

আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ আলী বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওই ঘটনায় গাংনী থানা এবং জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তবে রাত ৯টা পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগে নির্দিষ্ট করে বলতে হবে কারা কোথায় ওই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’