গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে করোনার সংক্রমণ ৫৫ শতাংশের ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৫। আর বিভাগের গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলায় সংক্রমণ ৫৫ শতাংশের ওপরে। একই সময়ে বিভাগে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে রংপুরের ১০১, পঞ্চগড়ের ২২, নীলফামারীর ২৯, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ১১, ঠাকুরগাঁওয়ে ৫৮, দিনাজপুরে ৯৬ ও গাইবান্ধার ৩৮ জন আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। বিভাগের আট জেলায় সংক্রমণের হার রংপুরে ৪৩ দশমিক ৫৩, পঞ্চগড়ে ৪৪ দশমিক ৮৯, নীলফামারীতে ২৯, লালমনিরহাটে ৪৪ দশমিক ২৩, কুড়িগ্রামে ৩৫ দশমিক ৪৮, ঠাকুরগাঁওয়ে ৫৫ দশমিক ৭৬, দিনাজপুরে ৪৫ দশমিক ২৯ ও গাইবান্ধায় ৬৪ দশমিক ৪০।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জনগণকে সচেতন করতে মুখে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক সরবরাহ করা অব্যাহত আছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৪ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। এ ছাড়া রংপুর জেলায় ২৯৪, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জন করোনা সংক্রমণে মারা গেছেন।