গাইবান্ধা ও পাবনায় আওয়ামী লীগের দুই নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 
গোবিন্দগঞ্জে গতকাল সোমবার ভোরে নিহত রবিউল ইসলাম (৪০) কামদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাবনা সদরে গতকাল বিকেলে নিহত ইকবাল শেখ (৪৫) ভাঁড়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রবিউলের বাড়ি কামদিয়ার তেঘড়া গ্রামে। গত রোববার রাত ১০টার দিকে তিনি স্থানীয় ঘোড়াঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কৈলাটিকর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। রবিউলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তিনি মারা যান। পুলিশ গতকাল দুপুরে রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, রবিউলের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় রবিউলের বাবা আনছার আলী ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, কামদিয়ার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন রবিউল।
পাবনার আতাইকুলা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল শেখ গতকাল বিকেল পাঁচটার দিকে পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারের একটি দোকানের সামনে চা পানের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে পাঁচ থেকে ছয়জনের একদল দুর্বৃত্ত এসে তাঁকে ঘিরে ধরে। পরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ইকবাল শেখের বাড়ি ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী পূর্বপাড়া গ্রামে। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান।
আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম জানান, ইকবাল শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল জানান, ওই ঘটনার জের ধরে দুবলিয়া এলাকায় গত রাতে একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।