গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক রায় এ ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আতোয়ার রহমান (৪০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে। রায় ঘোষণার সময় আতোয়ার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের আতোয়ার রহমানের সঙ্গে একই উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে আতোয়ার রহমান যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। এর জের ধরে ২০১৯ সালের ৭ জানুয়ারি আতোয়ার তাঁর স্ত্রীকে মারধর করেন। মারধরের একপর্যায়ে আতোয়ার লোহার রড দিয়ে আনোয়ারা বেগমের মাথায় আঘাত করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় নিহত আনোয়ারার ভাই মহির উদ্দিন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল আলম ও নিরঞ্জন কুমার ঘোষ।