বন্যা পরিস্থিতির উন্নতি
গাইবান্ধার চরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকট
বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নদীর পানি খেয়ে লোকজন পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু নদীর তীরবর্তী চরাঞ্চলে পানি এখনো সরেনি। পানি কমছে ধীরগতিতে। চরাঞ্চলের অনেক ঘরবাড়ি, নলকূপ এখনো ডুবে আছে। ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নদীর পানি খেয়ে লোকজন পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে কামারজানি বাজার। সেখান থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাযোগে প্রায় দেড় ঘণ্টার পথ। তারপর মোল্লারচর ইউনিয়ন ও কামারজানি ইউনিয়নের অর্ধেক অংশ। ব্রহ্মপুত্রের কারণে ইউনিয়ন দুটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ।
গত সোমবার মোল্লারচর ইউনিয়নের সিধাই গ্রামের রোকেয়া বেগম (৬০) বলেন, খাবার পানি আনতে পাশের গ্রামে যেতে হয়। তাঁদের গ্রামে নলকূপ নেই। যে দুটি ছিল, তা ডুবে আছে। তাঁদের গ্রামের চারদিকে ব্রহ্মপুত্র নদ। এত পানির মধ্যেও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
সিধাই গ্রামের গৃহিণী মরিয়ম বেগম (৫০) বলেন, ‘হামরাঘরে ঘরোত পানি নামি যাবার নাগচে। কসটো করি খাওয়া-দাওয়া করব্যার নাগছি। ভাত খালেও পানির কসটো হচে। বানের পানি গরম করি খাবার নাগচি।’
একই গ্রামের ফারুক হোসেন (৩৫) বলেন, ‘বানের সমায় থাকি মানসের কাচে ধার করি খাবার নাগচি। কিনতো ভালো (বিশুদ্ধ) পানি তো আর ধার পাওয়া যায় না।’ হালিমা বেগম (৪৫) বলেন, নদীর পানি গরম করি পান করছেন তাঁরা। সে পানি খেয়ে অনেকের পেটে ব্যথা হচ্ছে।
কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের রমিছা বেগম (৫৩) বলেন, ‘একনা টিউবল আচিলো, তাক পানিত ডুবি আচে। বানের পানিত ট্যাবলেট দিয়া খাবার নাগচি।’
একই গ্রামের কৃষক সোলায়মান হোসেন (৪৫) বলেন, তাঁদের চারটি ঘর ও একটি নলকূপ ডুবে গেছে। ডুবে যাওয়া নলকূপের পানি ভালো নয়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেদওয়ান হোসেন বলেন, এবারের বন্যায় চারটি উপজেলার চরাঞ্চলে প্রায় ২৫০টি নলকূপ ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে।