গাইবান্ধার প্রতীকের মেডিকেলে পড়ার খরচের দায়িত্ব নিলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়িপাড়ায় প্রতীকদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়ে তাঁর লেখাপড়ার খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন গাইবান্ধার ডিসি মো. অলিউর রহমান
ছবি: প্রথম আলো

‘ডিসি স্যার ব্যাটার নেকাপড়ার দায়িতো নিচে। হামারঘরে (আমাদের) আর চিনতা নাই। ব্যাটা ডাকতার হবি, হামারঘরে অভাব থাকপ্যার নয়’—জেলা প্রশাসক (ডিসি) ছেলের লেখাপড়ার খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা শুনে প্রতীক কুমারের বাবা হোটেলশ্রমিক প্রবীর সরকার এসব কথা বলেন।

গতকাল রোববার রাতে গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়িপাড়ায় প্রতীকদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়ে তাঁর লেখাপড়ার খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন গাইবান্ধার ডিসি মো. অলিউর রহমান। প্রতীককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভর্তির জন্য ২৫ হাজার টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন।

আরও পড়ুন

গতকাল প্রথম আলোর অনলাইনে ‘ব্যাটা মেডিকেলত চাস পায়া চিনতাত ফেলাচে, ট্যাকা পামো কোনটে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে প্রতীকের বিষয়টি নজরে আসে বলে জানান জেলা প্রশাসক অলিউর রহমান। আজ সোমবার সকালে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে তিনি অস্বচ্ছল ও মেধাবী প্রতীকের পাশে দাঁড়িয়েছেন। তাঁকে লেখাপড়ায় উৎসাহ দিতে ভর্তির জন্য টাকা দিয়েছেন। ভর্তির পরও জেলা প্রশাসন থেকে প্রতীকের বই কেনাসহ অন্যান্য খরচ বহন করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রতীকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজখবর নেওয়া হয়েছে।

ভর্তির টাকা ও উপহার পেয়ে আনন্দিত প্রতীক কুমার। তিনি প্রথম আলোকে বলেন, টাকার অভাবে তাঁর দাদার চোখের উন্নত চিকিৎসা করানো হয়নি। সেই স্মৃতি তাঁর মনে আছে। তাই ছোটবেলা থেকে চক্ষু চিকিৎসক হওয়ার স্বপ্ন তাঁর। ভর্তির সমস্যা দূর হওয়ায় সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে। জেলা প্রশাসকের সহায়তা পেয়ে লেখাপড়ায় আরও উৎসাহ পাওয়ার কথা জানান তিনি।

প্রতীকের মা বীথি সরকার বলেন, ‘পোত্তম আলোত খবর দেকি ডিসি স্যার হামার বাসাত আচ্ছে। হামরা খুসি হচি। তিনি হামার ছোলট্যার যে উপক্যার করল্যান, কোনদিন ভুল্যার নই।’