গাইবান্ধায় ইউপি নির্বাচনের ফলাফলে বিদ্রোহী–স্বতন্ত্র প্রার্থীদের দাপট
দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র ৩টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১০টি ইউপিতে স্বতন্ত্র ৬ জন ও আওয়ামী লীগের ৪ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ ফলাফল ঘোষণা করেন।
এর মধ্যে নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন ঘাগোয়া ইউপিতে আমিনুর জামান, গিদারিতে হারুনুর রশীদ ও মোল্লারচর ইউনিয়নে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী সাইদুজ্জামান সরকার।
এদিকে লক্ষ্মীপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মালিবাড়িতে সোয়েব মো. রাসেল, কুপতলায় রফিকুল ইসলাম সরকার, সাহাপাড়ায় মশিউর রহমান সরকার, রামচন্দ্রপুরে মোসাব্বীর হোসেন ও বোয়ালিতে শহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।
এ ছাড়া চার ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচিত প্রার্থীরা হলেন বল্লমঝাড়ে জুলফিকার রহমান, বাদিয়াখালিতে সাফায়েতুল হক, খোলাহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুম হাক্কানী ও কামারজানিতে মতিয়ার রহমান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের এমন ভরাডুবির কারণ জানতে চাইলে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাইল করিম বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলেও আঞ্চলিক নির্বাচনে আন্তরিকতা ও স্থানীয় প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। তাই এখানে ভোটাররা শুধু প্রতীক দেখেই ভোট দেন না। এ ছাড়া নৌকার কর্মী–সমর্থকেরা দলের প্রার্থীদের পক্ষে ঠিকমতো কাজ করেননি।