গাইবান্ধায় গুদামসংকটে খোলা আকাশের নিচে ইউরিয়া সার

গাইবান্ধায় পর্যাপ্ত সরকারি সারগুদাম নেই। জেলা শহরের পলাশবাড়ী সড়কে একটি গুদাম থাকলেও তার ধারণক্ষমতা দুই হাজার মেট্রিক টন। সেখানে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি ইউরিয়া সার মজুত রয়েছে। ফলে খোলা আকাশের নিচে ইউরিয়া সারের বস্তা পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি নিয়ন্ত্রিত জেলার একমাত্র সারগুদামের ধারণক্ষমতা দুই হাজার মেট্রিক টন। কিন্তু বর্তমানে এখানে মজুত আছে ৭ হাজার ৬৯৬ মেট্রিক টন। এর মধ্যে গুদামের ভেতরে ঠাসাঠাসি করে রাখা হয়েছে ২ হাজার ৪৭৮ মেট্রিক টন। অবশিষ্ট ৫ হাজার ২১৮ মেট্রিক টন সার গুদাম চত্বরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে।
সূত্র আরও জানায়, জেলায় পর্যাপ্ত ইউরিয়া সার মজুত রয়েছে। বিশেষ করে ২০১৩-১৪ অর্থবছরের প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার এখানে মজুত রয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় এসব সারের বেশির ভাগই জমাট হয়ে যায়। জমাটবাঁধা এসব সার ইটভাঙা মেশিনে গুঁড়া করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, শহরের পলাশবাড়ীর ওই গুদাম চত্বরে খোলা আকাশের নিচে ইউরিয়া সারের বস্তা পলিথিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
সাদুল্যাপুর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক জহুরুল কাইয়ুম বলেন, দীর্ঘদিন খোলা আকাশের নিচে সার থাকলে এর গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা সারগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী প্রথম আলোকে বলেন, জেলার মোট চাহিদার শতকরা ৪০ ভাগ ইউরিয়া গুদাম থেকে ও ৬০ ভাগ যমুনা সার কারখানা থেকে সরাসরি উত্তোলন করতেন ডিলাররা। কিন্তু চলতি জানুয়ারি মাসে যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ বন্ধ থাকায় মোট চাহিদার পুরোটাই এই গুদামে সরবরাহ করা হচ্ছে। ফলে এই গুদামে গোটা জেলার সার মজুত রাখায় জায়গা হচ্ছে না। জেলায় আরও একটি গুদাম নির্মাণে কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
হায়দার আলী আরও বলেন, ইউরিয়া সার গলে না যাওয়া পর্যন্ত গুণগতমান নষ্ট হয় না। তবে বৃষ্টি হলে এর গুণগত মান নষ্ট হবে।