গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় গৃহবধূ রুজিনা বেগম হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সবুজ ফকির (২৪)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। আজ দুপুরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফারুক আহম্মেদ রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে রুজিনা বেগম তাঁর বাড়িতে ফিরছিলেন। পথে সবুজ ফকির টাকা লেনদেনের জেরে রুজিনার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর সবুজ ফকির তাঁর হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে রুজিনার পেটে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রুজিনাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরের দিন ১০ এপ্রিল রুজিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সবুজ ফকিরকে একমাত্র আসামি করা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণে সবুজ দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। এ ছাড়া আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। সেখানে তাঁরা ন্যায়বিচার পাবেন বলে আশা করেন।