গাইবান্ধায় চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
গাইবান্ধায় চোর সন্দেহে পিটিয়ে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতারি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওই তরুণের নাম সাখাওয়াত হোসেন (২০)। তিনি গাইবান্ধা পৌরসভার সরকারপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। আটক ব্যক্তিরা হলেন বায়েজিদ ইসলাম ও তাঁর স্ত্রী শিউলী বেগম। পুলিশ জানিয়েছে, সাখাওয়াত হোসেন শিউলী বেগমের সাবেক স্বামী।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী বেগম জানিয়েছেন, দুই বছর আগে সাখাওয়াত হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে পারিবারিক কলহের কারণে বিয়ের এক বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শিউলীর সঙ্গে একই গ্রামের বায়েজিদ ইসলামের বিয়ে হয়। তবে দ্বিতীয় বিয়ের পরও সাবেক স্বামী সাখাওয়াতের সঙ্গে শিউলীর যোগাযোগ ছিল।
পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে শিউলীর সঙ্গে সাখাওয়াত দেখা করতে যান। এ সময় বায়েজিদ ইসলামসহ পরিবারের লোকজন বহিরাগতের উপস্থিতি টের পেয়ে ‘চোর, চোর’ বলে চিৎকার করে সাখাওয়াতকে মারধর শুরু করেন। এ সময় স্থানীয় লোকজনও এসে মারধরে অংশ নেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাখাওয়াতকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত মারা যান। পরে আজ সকালে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিউলী ও তাঁর স্বামী বায়েজিদকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
ওসি মাসুদুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক শিউলী ও বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।