গাইবান্ধায় বন্যার পর ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে সেখানকার মানুষ। গত তিন দিনে নারী ও শিশুসহ ৪৩৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭৬ জনকে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৬০ জন। রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি বন্যায় গাইবান্ধার সাতটি উপজেলার মোট ৮২টি ইউনিয়নের মধ্যে ৬৬টি ইউনিয়ন প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে চার লক্ষাধিক মানুষ।
ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকাদের ছুটি বাতিল করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছয়জন চিকিৎসককে গাইবান্ধা সদর হাসপাতালে আনা হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসকেরা জানান, বন্যায় দূষিত পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১০ সেপ্টেম্বর ভোর থেকেই ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হওয়া শুরু হয়। এরপর একের পর এক রোগী আসতে থাকে।
সূত্র জানায়, গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সদর হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার ৩০০ ব্যাগ স্যালাইন, এক হাজার পানির বোতল ও ৩০০টি সাবান দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ ও গাইবান্ধা চিকিৎসক সমিতির উদ্যোগে ৫০০ করে এক হাজার ব্যাগ স্যালাইন দেওয়া হয়েছে। হাসপাতালের পাশে তিনটি অস্থায়ী স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর।
গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী প্রথম আলোকে বলেন, ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে পুরো জেলায় ১২০টি মেডিকেল দল কাজ করছে। ডায়রিয়ার কারণ নির্ণয়ের জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন। ওষুধ ও স্যালাইনের পাশাপাশি রোগীদের চিড়া, গুড়, ডাব ও কলা সরবরাহ করা হচ্ছে।
গতকাল দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের উপচেপড়া ভিড়। এই হাসপাতালের ডায়রিয়া বিভাগে আসনের সংখ্যা ১৫টি। কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় হাসপাতালের ভেতরে স্থান সংকুলান হয়নি। এ কারণে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে সেখানে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে প্রচণ্ড গরমে রোগীদের অস্বস্তিবোধ করতে দেখা গেছে।
তাঁবুর নিচে চিকিৎসাধীন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসা ভালো। তবে গরমে থাকা যাচ্ছে না।’
পাশেই চিকিৎসাধীন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুস সবুর বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হইয়া শুক্রবার দুপুরে ভর্তি হইছিলাম। রাতে চিকিৎসা নিয়া বাসায় ফিরে গেছি। কিন্তু ডায়রিয়া না কমায় আবার হাসপাতালে আসতে হইল।’
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম শাহিন প্রথম আলোকে বলেন, ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলেও ভয়ের কোনো কারণ নেই। সার্বক্ষণিক চিকিৎসা চলছে।