গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর আমৃত্যু কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়
প্রতীকী ছবি

গাইবান্ধায় আজ রোববার মাদক মামলায় এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। সাজাপ্রাপ্ত শাহনাজ বেগম (৩৫) সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা। একই মামলায় অপর আসামি রুবেল মিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি সদর উপজেলার হাসেম বাজার গ্রামের বাসিন্দা। মামলার আরেক আসামি মাইদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে। রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের শনিমন্দির সড়কে অভিযান চালায়। পুলিশ এক হোটেলের সামনে থেকে শাহনাজ বেগম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ শাহনাজের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন ও ৪০০টি ইয়াবা বড়ি এবং রুবেল মিয়ার কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা এসব মাদকদ্রব্য মাইদুর রহমানের কাছ থেকে কিনেছেন। পরে উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ বলেন, শাহনাজ বেগমকে ৮০ গ্রাম হেরোইন রাখার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। শাহনাজের কাছ থেকে ৪০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ জন্য তাঁকে সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।