গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি ।

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গাইবান্ধার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। তাঁর নাম পারভেজ মিয়া (৩১)। তিনি একটি বাসের সুপারভাইজার ছিলেন। পারভেজের বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদারপাড়া গ্রামে।

রায়ে মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দুধিয়া গ্রামের আফাজ উদ্দিন, শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামের দুদু মিয়া ও বাগদা পলুপাড়া গ্রামের সাইদুল ইসলাম।

সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহম্মেদ বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় সাম্যরাজা পরিবহন নামের একটি লোকাল বাস থেকে ৪৫০ গ্রাম হেরোইনসহ পারভেজকে র‍্যাব আটক করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পিপি জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক পারভেজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপর তিন আসামির কাছে মাদকদ্রব্য না পাওয়া ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।