গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় জহুরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ২ জুন রাত আটটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বস্তাপট্টি ও বিস্কুটপট্টিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই-তিনজন পালিয়ে যান। অভিযানে নিজ দোকানের ভেতর থেকে জহুরুল ইসলামকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হেরোইন ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আসামিপক্ষ ন্যায়বিচার পায়নি। এই রায়ে তাঁরা সংক্ষুব্ধ। শিগগিরই হাইকোর্টে আপিল করা হবে।