গাইবান্ধায় মাদক মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আনিছুর রহমান (৩০) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।
রায় ঘোষণার সময় আনিছুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত আনিছুর রহমানের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ বলেন, আনিছুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও সাত হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে জব্দ করা হেরোইন ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর রাত নয়টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হিরকপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন বেচাকেনা করছিলেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁকে তল্লাশি করে ২১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।
২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় ও ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুটি মামলার আসামি ছিলেন আনিছুর রহমান।