গাইবান্ধায় মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান হত্যার এক মাস পাঁচ দিন পেরিয়ে গেলেও মূল আসামি এখনো গ্রেপ্তার হননি। ওই মূল আসামি ও অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে সোমবার সড়ক অবরোধ করেন এলাকাবাসী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
অবরোধের সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর আগে এলাকাবাসী ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসেন। জেলা ছাত্রলীগ এসব কর্মসূচির আয়োজন করে।
বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, সহসভাপতি মাসুম আহমেদ ও খন্দকার তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক শ্যাম সরকার, শাহরিয়াল খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, আশিকুর হত্যার এক মাস পাঁচ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু হত্যার মূল আসামি কাঞ্চন মিয়া এখনো গ্রেপ্তার হননি। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ফুলছড়ি উপজেলাবাসী ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাঁরা মূল আসামি কাঞ্চনসহ অন্যান্য আসামিকে গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের এক মাস পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামি ছাড়া মূল আসামি কাঞ্চনসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আশিকুর গত ১২ জুলাই রাতে গাইবান্ধা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরিসংলগ্ন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন।
জানতে চাইলে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ জানান, ঘটনার পর থেকে মূল আসামি কাঞ্চন পলাতক। তাঁকেসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।