গাইবান্ধায় সদর আ.লীগের সভাপতি রেজাউল, সম্পাদক মৃদুল
গাইবান্ধায় সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম নতুন কমিটি ঘোষণার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
সদ্য ঘোষিত কমিটিতে রেজাউল করিম সভাপতি ও মৃদুল মোস্তাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রাথমিকভাবে ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট আটজনের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির অপর ছয়জন হচ্ছেন সহসভাপতি আমিনুর জামান ও তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল চৌধুরী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবু আল আহসান সরকার।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, নতুন এই কমিটিতে মোট ৭১ জন সদস্য আছেন। কমিটির বাকি সদস্যদের নাম পরে প্রকাশ করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। সম্মেলন ও কাউন্সিল শেষে সার্কিট হাউস মিলনায়তনে রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়।