গাইবান্ধায় সর্দি-জ্বর নিয়ে দুজনের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় সর্দি, কাশি ও জ্বর নিয়ে গতকাল দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর দুজনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনাভাইরাসে আক্রান্তের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার গিদারী ইউনিয়নে। তাঁর বয়স ২৮ বছর। অপরজনের বাড়ি রামচন্দ্রপুর ইউনিয়নে। তাঁর বয়স ৩২ বছর।
গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, গিদারী ইউনিয়নের ওই বাসিন্দা নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। এক মাস আগে তিনি বাড়িতে আসেন। কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। ওই ব্যক্তির ছোট ভাই জানান, তাঁর ভাই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন হলো জ্বর, সর্দি–কাশিতে আক্রান্ত হন। শনিবার বিকেলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শনিবার গভীর রাতে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
অন্যদিকে শনিবার রাতে রামচন্দ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সর্দি, কাশি ও জ্বর নিয়ে ট্রলিচালক মারা যান। রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ১৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে ওই ব্যক্তির বাড়িতে কয়েকজন আত্মীয় আসেন। এর কয়েক দিন পর থেকে তিনি জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ আজ রোববার দুপুরে জানান, ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত হতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে দুজনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।