গাইবান্ধায় সেতু ভেঙে ট্রাক পানিতে, চালককে উদ্ধারের চেষ্টা চলছে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে। ট্রাকের নিচে ট্রাকচালক আটকে পড়েছেন। আজ সোমবার সকালে উপজেলার পূর্ব ছালুয়া এলাকায় কালিরবাজার-বাদিয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আজ দুপুর পৌনে একটা পর্যন্ত ট্রাকচালক উদ্ধার হননি। ফায়ার সার্ভিসের কর্মীরা চালককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া চালকের সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম পরিচয় জানা যায়নি।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। উদ্ধার অভিযান চলছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে সাত শ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রাক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি পূর্ব ছালুয়ায় (জোড় পলতা) বেইলি ব্রিজটির ওপর উঠলে ব্রিজের পশ্চিম পাশ ভেঙে পানিতে পড়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চালকের সহকারীকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে এখনও ট্রাক চালককে উদ্ধার করতে পারেনি। উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় কালিরবাজারে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সঙ্গে ৫-৬টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফুলছড়ি কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের বন্যায় ব্রিজ ভেঙে গেলে সেখানে স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। পরে ২০১৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হলে ব্রিজটি মেরামত করা হয়। অতিরিক্ত মালবোঝাই করে ব্রিজের ওপর দিয়ে চলার কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে মনে করছে এলজিইডি।