গাছে উঠে অসুস্থ, ৯৯৯-এ ফোনের পর যত কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

বরগুনা সদর উপজেলায় নারকেলগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফুলঝুরি ইউনিয়নে গিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম ইউনুস মিয়া (৫৫)।

এদিকে মারধরের ঘটনায় সাতজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বরগুনা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ইউনুস মিয়া নারকেলগাছে উঠে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি গাছ থেকে নামতে না পারায় তাঁর স্বজনেরা জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে বরগুনা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইউনুসকে গাছ থেকে নিচে নামানোর চেষ্টা করে। এ সময় ইউনুস মিয়া ওপর থেকে পড়ে মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যদের গাফিলতির কারণে ইউনুস মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তাঁর স্বজনেরা।

নিহত ইউনুসের এক স্বজন বলেন, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে রশি ছিঁড়ে ইউনুস মারা গেছেন। তাঁরা ঠিকমতো উদ্ধারকাজ চালালে ইউনুস মারা যেতেন না।

এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্যকে মারধর করে আহত করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে গাছে থাকা একজন ফায়ার সার্ভিসের কর্মীকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা গামছা ও রশি ছাড়া আর কোনো সরঞ্জাম না নিয়েই নারকেলগাছে ওঠেন। এরপর ইউনুসকে এক থেকে দেড় ফুট নামানোর পরেই গামছা ও রশি ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্যকে মারধর করে আহত করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে গাছে থাকা একজন ফায়ার সার্ভিসের কর্মীকে উদ্ধার করে। অন্যদিকে আহত ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়।

জানতে চাইলে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো.জাকির হোসেন বলেন, ‘ইউনুস মিয়াকে উদ্ধারের ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী, আমরা তাঁকে ধীরগতিতে নামাতে থাকি। স্থানীয় কিছু লোকজন নামানোর ওই রশি ধরে ছিল। তাঁরা দ্রুত নামাতে গিয়ে ধাক্কা লেগে ওই ব্যক্তি নিচে পড়ে যান। স্থানীয় কিছু লোকের ভুল আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের সাত সদস্যকে মারধর করেন। এ ঘটনায় থানা–পুলিশ আমাদের মামলায় যেতে নিষেধ করেছে।’

এই অভিযোগ অস্বীকার করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাউকে মামলা করতে নিষেধ করা হয়নি। মামলা করতে নিষেধ করার এখতিয়ার পুলিশের নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। এটা মানুষের মৌলিক অধিকার। এ ঘটনায় বরগুনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারিকুল ইসলাম আরও জানান, নিহত ইউনুসের পরিবার লিখিত আবেদন করেছে, তারা মামলা করতে আগ্রহী নয় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই নিহত ইউনুস মিয়ার লাশ দাফন করা হয়েছে।