গাছে ধাক্কা খেল মোটরসাইকেল, কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নিঝুম দ্বীপের বাতায়ন কিল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোহাম্মদ সম্পদ হোসেন (১৬)। সে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিনের ছেলে। নিঝুম দ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সম্পদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় সম্পদ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিঝুম দ্বীপের নামারবাজার যাওয়ার পথে বাতায়ন কিল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে খাদে পড়ে যায় সম্পদ হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

আজ সকালে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণকান্তি দাস প্রথম আলোকে বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই কিশোর মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার বলেন, সম্পদ হোসেনের লাশ আজ রোববার ভোরে নিঝুম দ্বীপে আনা হয়। পরে সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।