গাছে বেঁধে সাংবাদিককে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় দৈনিক আমার দেশ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নেতা জামান (৩৬) ওরফে ফোকলা জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামান উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জামানকে গ্রেপ্তারের আগে ওই দিনই (মঙ্গলবার) সালাম বিশ্বাস বাদী হয়ে জামান, অহিদুল হক (৪২), পলাশ (২৮), শান্তনা বেগম (৩০) ও কারিমুল ইসলামকে (৩২) আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে নাগেরহাটের ইজারাদার অহিদুল হকের নেতৃত্বে আসামিরা হাটের সরকারি জায়গায় পাকা ঘর তুলে বিক্রিসহ গাছ বিক্রি করছে।
এ খবর দৈনিক আমার দেশ-এর অনলাইন ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে আসামিরা ক্ষুব্ধ হয়। এর জের ধরে গত রোববার দুপুরে সালাম বিশ্বাসকে নাগেরহাটের একটি দোকানে পেয়ে কিল-ঘুষি মারে আসামিরা।
এরপর সেখান থেকে টেনে-হিঁচড়ে বের করে তাঁকে দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে প্রায় তিন ঘণ্টা নির্যাতন করে তারা। এ সময় তারা সালাম বিশ্বাসের মুঠোফোন, একটি ক্যামেরা ও পকেটে থাকা দুই হাজার ৮০০ টাকা কেড়ে নেয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাতে সালাম বিশ্বাস বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। ওই দিনই গভীর রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মামলার মূল আসামি জামানকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালাম বিশ্বাসকে নির্যাতনের ঘটনায় গত মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলার ৯-এর পৃষ্ঠায় ‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।