গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিবলু আহমদ (২৫) শ্রমিকের কাজ করতেন। তিনি সুনামগঞ্জ জেলার রঙ্গারচর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি সিলেটের দক্ষিণ সুরমা কদমতলি এলাকার একটি কলোনিতে বসবাস করতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবলু সকালে কমিউনিটি সেন্টারের পাশে একটি গাছে উঠে বিদ্যুতের তারসংলগ্ন একটি ডাল কাটতে যান। এতে হঠাৎই বিদ্যুতায়িত হন তিনি। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মী ও বিদ্যুৎ বিভাগের লোকজন গিয়ে শিবলুকে উদ্ধার করেন। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, শিবলু শ্রমিকের কাজ করতেন। কিন্তু শনিবার কার বাড়িতে তিনি কাজ করছিলেন, সেটি জানা যায়নি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।