গাছের ডালে ঝুলে ছিল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলে ছিল এক যুবকের লাশ। রোববার ভোরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মাদারটারী গ্রামে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম আনাস মিয়া (২৭)। তিনি ওই গ্রামের সোহরাব হোসেন খোকার ছেলে।

স্থানীয় বাসিন্দার জানান, ৬ মাস আগে আনাস মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ শুরু হয়। এরই জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ধরণীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু দাবি করেছেন, আনাস মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ওই যুবকের লাশটি গাছের ডালের সঙ্গে ঝুলে ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।