গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের
রাজশাহীর বাগমারায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের মরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আশরাফ আলী কবিরাজ (৪৪)। তিনি উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে আশরাফ আলী মোটরসাইকেল নিয়ে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের মরগা এলাকায় পৌঁছান। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাটিতে ছিটকে পড়ে যান আশরাফ। পরে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাঁরা আশরাফকে পার্শ্ববতী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজ উদ্দিন কবিরাজ প্রথম আলোকে বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে আশরাফ মারা যান বলে মনে করা হচ্ছে। জীবিত আছেন ভেবে তাঁকে পথচারীরা মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন। আশরাফের দুই ছেলে-মেয়ে রয়েছে।
স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম সকাল ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর মাধ্যমে ঘটনাটি পুলিশ জানতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। এরপর একটি অপমৃত্যুর মামলা হবে।