গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের জানিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত কিশোরের নাম ইয়াসিন আহমেদ (১৪)। সে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে জামিয়া হোসাইনিয়া উলুম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে যাচ্ছিল। জানিরগাঁও এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিন বন্ধুর মধ্যে ইয়াসিন ও জুবায়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ইয়াসিনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।