গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকলের ধাক্কায় তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার আটমাইল-নবীননগর এলাকায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাঈদ আফ্রিদি ওরফে তন্ময় (২১)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চান্দোয়ালি গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নিখিল চন্দ্র বলেন, সাঈদ চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। আটমাইল-নবীননগর এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে সড়কের পাশে একটি গাছের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তরুণের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।