গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই এলাকায় গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া (২৫) ও একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবদুস সালাম (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ফুটবল খেলতে দুই বন্ধু ফুল মিয়া ও আবদুস সালাম মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়ক দিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। তাঁরা সারাই এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই সালাম মারা যান। গুরুতর আহত অবস্থায় ফুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।
ঘটনাস্থলে থাকা সাপমারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ূব হোসেন বলেন, সকালে সালাম মোটরসাইকেল নিয়ে বন্ধু ফুল মিয়ার বাড়িতে যান। সেখানে সকালের নাশতা সেরে দুই বন্ধু ইসলামপুর কলেজ মাঠে ফুটবল খেলতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। যাওয়ার পথে দুর্ঘটনায় দুজনেই মারা যান।
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মিলন চ্যাটার্জি বলেন, লাশ দুটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্তকেন্দ্রে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।