গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় উপজেলার মাইটকুমড়া এলাকায় কালনা-নড়াইল সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত একজনের নাম মশিউর রহমান ভূঁইয়া (৪৩)। তিনি লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া দক্ষিণপাড়ার আবদুল হক ভূঁইয়ার ছেলে। অপরজন হলেন হাসান পারভেজ (৪৪)। তিনি উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তাঁরা দুজন বন্ধু। তাঁরা ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উপজেলার কালনা ঘাট এলাকায় মধুমতী নির্মাণাধীন সেতু দেখতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন মশিউর রহমান। হাসান পারভেজ পেছনে বসা ছিলেন। মাইটকুমড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয় লোকজন। সেখান থেকে যশোরে নেওয়ার পথে হাসান পারভেজের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মশিউরের মৃত্যু হয়েছে।

দুই মোটরসাইকেল আরোহী বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী বাবুল।