গাজায় গণহত্যা বন্ধে বন্ধুসভার মানববন্ধন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা।
ধানমন্ডি ২৭ নম্বর রোডে বিকেলে আয়োজিত এ মানববন্ধনে ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশ নেন। ‘গাজায় গণহত্যা বন্ধ কর ইসরায়েল’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই দিনে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হয় বন্ধুসভার নিয়মিত প্রকাশনা তারুণ্যের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মোড়ক উন্মোচন করেন মাত্রার পরিচালক সানাউল আরেফিন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক বিনয় বর্মণ ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।
অনুষ্ঠানে তারুণ্যের দ্বিতীয় সংখ্যার সম্পাদক বিনয় বর্মণ বলেন, ‘বন্ধুসভার এই প্রকাশনা সারা দেশের বন্ধুদের প্রতিভাকে বিকশিত করার একটি মাধ্যম। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।’ বিজ্ঞপ্তি।