গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর, সদস্যসচিব রফিক
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। আজ রোববার সকালে এ কমিটিকে সমর্থন জানিয়ে যুবদলের জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গাজীপুর জেলা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আতাউর রহমান মোল্লা শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন। রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে গত বৃহস্পতিবার রাতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। নতুন আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।