গাজীপুর থেকে আসায় পরীক্ষা করে শনাক্ত

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট কিছু ছিল না। শুধু সংক্রমিত এলাকা থেকে এসেছেন, তাই পরীক্ষা। এই পরীক্ষা করতে গিয়েই রাজশাহীতে গাজীপুর থেকে ফেরা এক ব্যক্তির (২৭) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনা পরীক্ষা করা হয়। রাত পৌনে ৯টার দিকে রাজশাহী জেলা সিভিল সার্জন মহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার পুঠিয়া উপজেলায়। এ নিয়ে এ উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন আর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫। ১৬ এপ্রিল পরীক্ষায় রাজশাহীর মোহনপুর উপজেলার এক নারীর (২৪) করোনা শনাক্ত হয়। নারায়ণগঞ্জফেরত ওই নারীরও জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না।
সিভিল সার্জন এনামুল হক বলেন, পুঠিয়ার ওই ব্যক্তি ৯ এপ্রিল গাজীপুর থেকে রাজশাহীতে আসেন। তিনি সেখানে তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি সংক্রমিত এলাকা থেকে এসেছেন বলে ১৬ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তাঁর করোনাভাইরাস ধরা পড়ে। তাঁর জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট কিছু ছিল না।
ল্যাব সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়ার এই রোগীসহ ল্যাবে রোববার আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এঁরা দুজন সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার। নওগাঁ ও সিরাজগঞ্জে এই প্রথম করোনা রোগী পাওয়া গেল।
করোনা পরীক্ষা ল্যাবের ইনচার্জ ও রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান সারেরা গুলনেহার বলেন, রোববার পর্যন্ত এই ল্যাবে ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে রাজশাহী জেলায় পাঁচজন আর রাজশাহী বিভাগে ১২ জন। অপরজন হলেন রংপুর জেলার। রংপুরের রোগীই প্রথম করোনা শনাক্ত হয় রাজশাহীর ল্যাবে।
রাজশাহীতে ১ এপ্রিল থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে। রাজশাহী জেলা ১১ এপ্রিল পর্যন্ত করোনামুক্ত ছিল। ১২ এপ্রিল প্রথম এ জেলায় করোনা রোগী শনাক্ত হয়। ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে রাজশাহী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়।